বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে যোগ দিতে আসার পথে সড়ক দুর্ঘটনায় দুই মুসল্লির মৃত্যু
স্টাফ রিপোর্টার:
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে যোগ দিতে আসার পথে সড়ক দুর্ঘটনায় দুই মুসল্লির মৃত্যু হয়েছে। নিহতরা হলেন-নরসিংদীর বেলাব থানার সুরুজ মিয়া (৬০) ও গাইবান্ধার ফুলছড়ি থানা এলাকার মো: গোলজার (৪০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, টঙ্গী বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপে অংশ নিতে নিহত গোলজার ও তার সাথীরা গাইবান্ধা থেকে ট্রেনে এসে বুধবার দিবাগত রাতে টঙ্গী জংশনে নেমে মালামাল গোছানোর কাজ করছিলো। এমন সময় পেছন দিক থেকে একটি ট্রেন গোলজারকে মাথায় সজোড়ে ধাক্কা দেয়। ঘটনাস্থলে উপস্থিত তার সাথীরা তাকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। নিহতের গ্রামের বাড়ি গাইবান্ধার ফুলছড়ি থানার টেংড়াকান্দীতে বলে জানা গেছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো: মনজুর রহমান জানান, ইজতেমা ময়দানে আসার পথে বুধবার দিবাগত রাত ১১টার দিকে টঙ্গী স্টেশন রোড এলাকায় কাভার্ডভ্যানের সঙ্গে প্রথমে ধাক্কা ও পরে চাপা পড়ে মারা যান মুসল্লি সুরুজ মিয়া।
শুক্রবার থেকে শুরু হচ্ছে মাওলানা সা’দ অনুসারীদের বিশ্ব ইজতেমা। এর আগে গত ১০ জানুয়ারি একই ময়দানে অনুষ্ঠিত হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ওই পর্বে অংশ নেন মাওলানা জুবায়ের অনুসারীগণ।


কোন মন্তব্য নেই