আখেরি মোনাজাতে শেষ হলো ৫৫তম বিশ্ব ইজতেমা
বিশ্ব মুসলিম উম্মাহর ইহকালে সুখ, শান্তি, সমৃদ্ধি এবং পরকালে মাগফেরাত কামনা করে শেষ হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত। আর এই আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৫তম বিশ্ব ইজতেমা।
আজ রবিবার (১৯ জানুয়ারি) দুপুর ১২টা ২৭ মিনিটে আখেরি মোনাজাত সম্পন্ন হয়। মোনাজাতে লাখ লাখ মুসল্লি অংশ নিয়েছেন। মোনাজাত পরিচালনা করেছেন ভারতের মাওলানা জামশেদ।
ইজতেমা ময়দানে তিল ধারণের ঠাঁই ছিল না। ভেতরে ঠাঁই না পেয়ে তাদের অবস্থান নিতে হয়েছে বিভিন্ন সড়ক ও আশপাশের এলাকার মাঠে।
কয়েক লাখ মুসল্লির সমাগমে শিল্পনগরী টঙ্গী পরিণত হয় ধর্মীয় নগরীতে।
আজকের আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৫তম আয়োজনের দ্বিতীয় পর্ব। এর আগে গত রবিবার আখেরি মোনাজাতের মাধ্যমে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হয়।
মুসল্লিদের সংখ্যা বেড়ে যাওয়ায় ময়দানে স্থান সংকুলান না হওয়ায় ২০১১ সাল থেকে টঙ্গীতে বিশ্ব ইজতেমা তিন দিন করে দুই পর্বে অনুষ্ঠিত হয়।
৫৫তম ইজতেমার দ্বিতীয় পর্বেও বার্ধক্যজনিক কারণসহ নানা কারণে ইজতেমায় অংশ নেওয়া আট জন মুসল্লির মৃত্যু হয়েছে।


কোন মন্তব্য নেই