• শিরোনাম

    গাজীপুরে কলেজের নবীনবরণ অনুষ্ঠানে তুচ্ছ ঘটনায় বহিরাগতদের হামলা, আহত ২০


    গাজীপুর.নিউজ ডেস্ক:
    গাজীপুর মহানগরের ২৮ নং ওয়ার্ডস্হ বঙ্গতাজ অডিটরিয়ামে শনিবার ৩০ ডিসেম্বর সন্ধ্যায় একটি ইঞ্জিনিয়ারিং কলেজের নবীনবরণ অনুষ্ঠানে বহিরাগতরা হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করেছে। এসময় ওই কলেজের শিক্ষার্থীসহ অন্তত ২০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে দুই শিক্ষার্থীকে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
    পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার শহীদ বঙ্গতাজ অডিটরিয়ামে মহানগরীর কোনাবাড়ি এলাকার ইনস্টিটিইট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড ইনফরমেশন টেকনোলজি (আই-টেইট) কলেজের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    আজ (৩০ নভেম্বর) শনিবার সকাল ১১টার পর থেকেই অনুষ্ঠান চলছিল। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে স্থানীয় রথখোলা এলাকার এক যুবক অনুষ্ঠানে প্রবেশের চেষ্টাকালে ছাত্ররা তাকে বাধা দেয়। এতে ওই যুবক ক্ষুব্ধ হয়ে আরো দুইজন সঙ্গী নিয়ে অডিটরিয়ামে আসে। এসময় ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নাজমুল ইসলামের সাথে তাদের বাকবিতন্ডার এক পর্যায়ে ওই শিক্ষককে মারধর করা হয়।
    এ ঘটনায় ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তিন যুবককে পাল্টা মারধর করে। পরে মারপিটের শিকার তিন যুবক বাহিরে গিয়ে সংগঠিত হয়ে ২৫-৩০জন যুবক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ওই অডিটরিয়ামের ভিতরে হামলা, এলোপাথারি কোপায় এবং চেয়ার, দরজা-জানালার কাঁচ ও আসবাবপত্র ব্যাপক ভাঙচুর করে।
    তাদের এলোপাথারি হামলায় ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, কর্মচারীসহ অন্তত ২০জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৫জনকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি এবং গুরুতর আহত শিক্ষার্থী মৃদুল (২০) ও সৌরভকে (১৭) ঢাকার পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে। কলেজের অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম জানান, মাত্র কয়েক মিনিটে বহিরাগতরা এ ঘটনা ঘটিয়ে বীরদর্পে চলে যায়। তারা কাউকে চিনতে পারেননি।
    গাজীপুর মেট্র্রোপলিটন সদর থানার ওসি মো. আলমগীর হোসেন জানান, এক বহিরাগত যুবকের ভিতরে প্রবেশের ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। কারা এ ঘটনা ঘটিয়েছে কলেজ কর্তৃপক্ষ তাদের নাম-পরিচয় জানাতে পারেনি। জড়িতদের সনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad