• শিরোনাম

    গাজীপুরে লাক্সারী ফ্যান ফ্যাক্টরীতে ভয়াবহ অগ্নিকান্ড, নিহত ১০ দগ্ধ -২


    স্টাফ রিপোর্টার, গাজীপুর.নিউজ:
    গাজীপুরে একটি ফ্যান কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডে ১০ শ্রমিক নিহত ও দুইজন আহত হয়েছে। গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের কেশরিতা এলাকায় রোজা হাইটেক এর লাক্সারি ফ্যান লিঃ কারখানায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৫ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- রংপুরের মো. ফরিদুল ইসলাম (১৮), গাজীপুরের শ্রীপুর উপজেলার মারতা এলাকার রাশেদ (২৫), মো: শামীম (২৬), কেশরিতা এলাকার খলিল (২২) ও উত্তম (২৫)।
    আহতরা হলো কেশরিতা এলাকার আনোয়ার হোসেন ও সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের জামুনা গ্রামের মো: হাসান মিয়া। তাদের গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
    খবর পেয়ে জয়দেবপুর ও টঙ্গী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা সোয়া ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে কারখানার ভেতর থেকে ১০ জনের লাশ উদ্ধার করা হয়। এসময় আহত হন অপর দুইজন। তাদেরকে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ও আহতরা ওই কারখানার শ্রমিক বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।
    আগুনের খবর পেয়ে গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম, গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহার, গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল জাকি ঘটনাস্থল পরিদর্শন করেন।
    গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম জানান, ঘটনা তদন্তে গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. শাহিনুর ইসলামকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার সময় দেয়া হয়েছে ৭ কার্যদিবস। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের প্রত্যেকের লাশ দাফন ও পরিবহনের জন্য ২৫ হাজার করে টাকা প্রদানের ঘোষণা দেন জেলা প্রশাসক।
    এদিকে রাত ১০টার দিকে নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বজনরা লাশ সনাক্তের জন্য হাসপাতালে ভিড় করছে। লাশের মুখমন্ডল ও দেহ আগুনে পুড়ে বিকৃত হয়ে যাওয়ায় লাশগুলো সনাক্ত করতে স্বজনদের হিমসিম খেতে হচ্ছে।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad