গাজীপুরে ৬টি অবৈধ ইটভাটা ভেঙ্গে দিয়েছে পরিবেশ অধিদপ্তর

স্টাফ রপোর্টার, গাজীপুর.নিউজ:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার উত্তর দাড়িয়াপুর এলাকায় ৬টি অবৈধ ইটভাটা ভেঙ্গে দিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত।
বুধবার (১১ ডিসেম্বর) দিনব্যাপি পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর নির্বাহী ম্যাজিষ্ট্রেট কাজী তামজীদ আহমেদ আদালতের নেতৃত্ব দেন।
গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুস সালাম সরকার জানান, কালিয়াকৈর উপজেলার উত্তর দাড়িয়াপুর এলাকায় অবৈধ ইটভাটা বিরোধী অভিযান পরিচালনা করা হয়। ওই এলাকায় পরিবেশগত ছাড়পত্র ছাড়া ইটভাটা কার্যক্রম পরিচালনা করার দায়ে ৬টি অবৈধ ইটভাটা ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
গুঁড়িয়ে দেওয়া ইটভাটা গুলো হলো- কুমিদপুর ব্রিকস ম্যানুফেকচারিং (কে বি এম), রাজু রবিন ব্রিকস (আর আর বি), কিরণ ব্রিকস (কে ইউ বি), সান ব্রিকস ( এস ইউ এন), খাজা মাইন উদ্দিন ব্রিকস ( কে এম বি) ও স্টার ব্রিকস (এস টি এ আর)। এছাড়াও প্রত্যেক ইটভাটা মালিককে ৫ লাখ টাকা করে মোট ৩০ লাখ টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে।
ভ্রাম্যমান আদালত চলাকালে উপস্থিত ছিলেন- গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুস সালাম সরকার, পরিদর্শক শেখ মোজাহীদ, আব্দুর রাজ্জাক ও দিলরুবা আক্তার। এছাড়া ফায়ার সার্ভিস, র্যাব ও পুলিশ।

কোন মন্তব্য নেই