• শিরোনাম

    দেশের নদ-নদীগুলোকে বাঁচাতে হবে, তাদের হত্যা করা যাবে না: পরিকল্পনা মন্ত্রী


    জাহিদ বকুল:
    দেশের নদ-নদীগুলোকে বাঁচাতে হবে। তাদের হত্যা করা যাবে না। পরিবেশকে হত্যা করা যাবে না। ব্যক্তি, সমাজ, রাষ্ট্র সকলেই মিলে আমাদের এ মহান দায়িত্ব পালন করতে হবে। নদী রক্ষা কমিশন আরো শক্তিশালী ভূমিকা পালন করে দেশকে সুন্দর ও বসবাস উপযোগী করে গড়ে তুলতে ভূমিকা রাখবে।
    আজ বুধবার (৪ ডিসেম্বর) রাজধানীর ফার্মগেটের আ কা মু গিয়াস উদ্দীন মিলকী অডিটোরিয়ামে জাতীয় নদী রক্ষা কমিশনের আয়োজনে এবং বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের সহযোগিতায় "নদীর উন্নয়নে পরিকল্পনা ও সংশ্লিষ্ট সংস্থার দায়-দায়িত্ব"-শীর্ষক আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি।

    প্রধান অতিথি বলেন, নদী আমাদের দেশের মানুষের অর্থনীতি, সাহিত্য-সংস্কৃতির অংশ হিসেবে জাতির আষ্টে-পৃষ্ঠে জড়িয়ে আছে। কাজেই নদী রক্ষার আন্দোলনে সবাই মিলে কাজ করলে অবশ্যই নদ-নদীগুলোকে বাঁচানো সম্ভব হবে।

    জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদারের সভাপতিত্বে সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় নদী রক্ষা কমিশনের সচিব মো: আমিনুল ইসলাম এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো: আনোয়ার হোসেন।

    সেমিনারে "নদীর উন্নয়নে পরিকল্পনা ও নাগরিক দায়িত্ব"-শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট কবি ও প্রাবন্ধিক মনির মুন্না। চা বিরতির পর "নদীর উন্নয়নে পরিকল্পনা ও সংশ্লিষ্ট সংস্থার দায়-দায়িত্ব"-শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় নদী রক্ষা কমিশনের সম্মানিত সদস্যা মালিক ফিদা আবদুল্লাহ্ খান।

    এরপর বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট প্রাবন্ধিক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের সভাপতি অধ্যাপক মো: আনোয়ার সাদত, পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) মো: জাকির হোসেন আকন্দ প্রমুখ।

    আলোচক হিসেবে বক্তব্য রাখেন সেমিনার বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ড. মো: মহসীন আল মন্ডল প্রিন্স, বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস. এম. শফিকুল ইসলাম কানু, বাকৃবি’র ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. এ কে এম জাকির হোসেন ও জাতীয় নদী রক্ষা কমিশনের সার্বক্ষণিক সদস্য মো: আলাউদ্দীন প্রমুখ।

    এরপর সারাদেশ থেকে আগত বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের জেলা পর্যায়ের নেতৃবৃন্দ মুক্ত আলোচনায় অংশহ্রহন করেন। তাদের উপস্থাপিত প্রশ্নগুলি ধৈর্য সহকারে শোনেন ও উত্তর প্রদান করেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার।

    জাতীয় নদী রক্ষা কমিশনের সদস্য মো:মনিরুজ্জামানের ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে সেমিনারটি সফলভাবে শেষ হয়। অনুষ্ঠানে সারা দেশ থেকে বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের প্রায় ২০০ জনের মতো সংগঠক অংশগ্রহন করেন।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad